নিউমার্কেটে সংঘর্ষ

ঢাকা কলেজের ছাত্রসহ তিনজনের ৩ দিনের রিমান্ড

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় করা পৃথক মামলায় ঢাকা কলেজের এক ছাত্রসহ তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শুক্রবার ঢাকার মহানগর হাকিম মো. মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। খবর বাসস।

রিমান্ড মঞ্জুর হওয়া তিনজন হলেন ঢাকা কলেজের ছাত্র মাহমুদুল হাসান ওরফে সিয়াম, দোকান কর্মচারী মোয়াজ্জেম হোসেন ওরফে সজীব ও মেহেদী হাসান ওরফে বাপ্পি। গত বুধবার সিয়ামকে শরীয়তপুর এবং সজীব ও মেহেদীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

গতকাল এ তিনজনকে আদালতে হাজির করা হয়। এরপর নাহিদ হত্যা মামলায় আসামি সিয়ামের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. তারিকুল আলম জুয়েল। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আসামি বাপ্পি ও সজীবের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদেরও তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে।

এর আগে নাহিদ হত্যা মামলায় দুদিনের রিমান্ডে নেওয়া হয় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে।