খুলনায় প্রতিমা ভাঙার অভিযোগে যুবক আটক

খুলনায় সরস্বতী প্রতিমা ভেঙে নিয়ে যাওয়ার সময় অনিক মন্ডল (১৭) নামে হিন্দু সম্প্রদায়ের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ফুলতলা উপজেলা সদরের মোজাম মহলদার (এম এম কলেজ) কলেজের অস্থায়ী মন্দিরে মূর্তি ভাঙার ঘটনা ঘটে। অনিক মন্ডল যশোর জেলার অভয়নগর উপজেলার ধূলগ্রামের অসীম মন্ডলের ছেলে।

ফুলতলা থানার ওসি মো. ইলিয়াস তালুকদার জানান, অনিক মন্ডল একজন মূর্তি তৈরির কারিগর। সে এম এম কলেজের পাশে তার গুরু বলরামের বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে অনিক এম এম কলেজের অস্থায়ী মন্দিরে প্রবেশ করে। একপর্যায়ে সরস্বতী প্রতিমার মাথা ভেঙে সে গোপনে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক মূর্তি ভাঙার কথা স্বীকার করেছে। তবে কী কারণে সে মূর্তি ভেঙেছে তা জানায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।