ব্রাহ্মণবাড়িয়ায় চলছে তিন দিনব্যাপী বৈশাখী উৎসব

আবৃত্তি, গান, নৃত্য ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে জেলার ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহীদ দত্ত ভাষা চত্বরে এই উৎসব শুরু হয়। উৎসব চলবে সোমবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।

উদ্বোধনী সন্ধ্যায় সাহিত্য একাডেমির আবৃত্তি ও নাটক বিভাগ পরিবেশন করে পাভেল রহমানের নির্দেশনায় কবি সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’।

পরে উৎসবের উদ্বোধনী আলোচনায় সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির উপদেষ্টা কবি মারুফুল ইসলাম।

এতে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ রুহুল আমিন, সাহিত্য একাডেমির উপদেষ্টা অ্যাডভোকেট আবু তাহের ও সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

বক্তারা বলেন, সাহিত্য একাডেমি আয়োজিত বৈশাখী উৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এই উৎসব বলা যায় ব্রাহ্মণবাড়িয়া তথা সারা দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি মনা মানুষের মিলনমেলা। গ্রামবাংলার ঐতিহ্য লালন করে সাহিত্য একাডেমি জাতীয় দায়িত্ব পালন করছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাভেল রহমান।

উদ্বোধনী সন্ধ্যায় গান, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে সুরতাল সঙ্গীত নিকেতন, আনন্দলোক এবং সংগীতশিল্পী অভিজিৎ সাহা অভি।

সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, ১৩৯৪ বাংলা (১৯৮৭ খ্রিস্টাব্দ) থেকে প্রতি বছর সাত দিনব্যাপী বৈশাখী উৎসব আয়োজন করে আসছে সাহিত্য একাডেমি। করোনা মহামারির কারণে ২০২০ এবং ২০২১ উৎসব আয়োজন করা যায়নি। এ বছর তিন দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে উৎসব। আগামী বছর থেকে যথারীতি ৭ দিনব্যাপী (১ বৈশাখ থেকে ৭ বৈশাখ) উৎসব আয়োজন করা হবে।