সাভারে নিখোঁজের ৩ দিন পর তুরাগে মিলল গৃহবধূর লাশ

সাভারের তুরাগ নদ থেকে নাসরিন (২৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজারের বসিলা ব্রিজের উত্তর পাশের তুরাগ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত নাসরিন মাদারীপুর জেলার উমিতপুরের আলীপুর এলাকার মৃত হারুন মুন্সীর মেয়ে। তার বাবা পরিবার নিয়ে ঢাকা মেট্রোপলিটনের দারুসসালাম থানার বড়বাজার এলাকায় স্থায়ীভাবে বাস করে আসছিলেন। তার স্বামীর বাড়ি ঢাকা মেট্রোপলিটনের একই থানার গাবতলী বর্ধনবাড়ি এলাকায়। 

পুলিশ জানায়, নাসরিন তার স্বামী হিমেলের সঙ্গে ঢাকার গাবতলি বর্ধনবাড়ি এলাকায় বাস করতেন। ঈদ উপলক্ষে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত ৪ মে রিকশাযোগে তিনি তার স্বামীর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন।

শুক্রবার রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে তার মরদেহটি তুরাগ নদের বসিলা ব্রিজের উত্তর পাশ থেকে উদ্ধার করা হয়।

আমীনবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম সরদার বলেন, মরদেহটি উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে।

এটি হত্যাকাণ্ড কি না জানতে চাইলে তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না, বিস্তারিত পরে জানানো হবে।