দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মারার নির্দেশ এমপি ইব্রাহিমের, ভিডিও ভাইরাল

 ‘আমি হুকুম দিয়ে দিচ্ছি দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেললে কিছুই হবে না, আপনারা যদি পারেন গণপিটুনি দিয়ে মেরে ফেলেন আমি হুকুম দিয়ে দিছি।’

নিজ দলের নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) এইচ এম ইব্রাহিম।

তার এই বক্তব্যের ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

শুক্রবার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এমপি এমন বক্তব্য দেন।

এদিন বিকেল সাড়ে ৫টায় ওই মাঠে দেওটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিম।

অনুষ্ঠানে এমপি ইব্রাহিম বলেন, দুষ্কৃতকারীদের যেখানেই পাবেন গণপিটুনি দিয়ে জায়গায় মেরে ফেলবেন, আমি হুকুম দিয়ে দিচ্ছি এসব দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেললে কিছুই হবে না। যদি কেউ মামলা করে আমি মামলার ১নং আসামি হবো, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন।

‘যদি পুলিশ না পারে আমি আপনাদেরকেও বলে গেলাম-যে আপনারা এ সমস্ত দুষ্কৃতকারীদের যারা সমাজের মানুষের ঘুম হারাম করে দিচ্ছে, যারা সমাজের মানুষকে অত্যাচার করছে আপনারা তাদের পিটিয়ে মেরে ফেলবেন তাতে কিছুই হবে না। সেই ঘটনায় যদি আসামি হতে হয় আমি আসামি হবো সে ঘোষণা দিয়ে গেলাম।’ 

সভায় উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা বলেন, সভাস্থলে এমপি উপস্থিত হওয়ার পর স্থানীয় লোকজন এলাকার বিষয়টি উনাকে অবগত করেন। পরে এমপি বিষয়টি ওসিকে অবগত করেন এবং স্থানীয়দের এসব অভিযোগ ও পুলিশের দায়িত্ব অবহেলার সূত্র ধরে দুষ্কৃতকারীদের গণপিটুনি দেওয়ার কথা বলেন।  

স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন শাকিল, আওয়ামী লীগ নেতা কিং মোজাম্মেল, আবুল খায়ের, জামাল উদ্দিন, ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল পাটোয়ারি প্রমুখ।

এ বিষয়ে জানতে এমপি এইচ এম ইব্রাহিমের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।