রংপুরে মাহফুজুর রহমান (৩০) নামে মসজিদের এক ইমামের বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
গুরুতর অসুস্থ শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করেছে পুলিশ। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা শিশুটিকে বাড়িতে রেখে জমির কাটা ধানের আঁটি আনতে যায়। এ সময় ওই শিশু বাড়ি সংলগ্ন মসজিদের সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করে মসজিদের ইমাম মাহফুজুর রহমান। পরে বিষয়টি জানতে পেরে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।
কল্যাণী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নূর আলম জানান, ঘটনাটি পুরো এলাকাবাসীকে হতবাক করে দিয়েছে। অভিযুক্ত মাহফুজের পরিবার প্রভাবশালী। তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তিনি যেন কোনোভাবেই আইনের ফাঁক গলিয়ে পার না পান।
তার সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে মাহফুজুর রহমান পলাতক রয়েছেন।