হারল শেখ জামাল ও শেখ রাসেল, আবাহনীর জয়

ঈদের ছুটি শেষে মাঠে নেমে জয় পেয়েছে আবাহনী ঢাকা। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে মারিও লেমোসের দল।

প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় আবাহনী। ১৪তম মিনিটে মেহেদি হাসান রয়্যালের গোলে এগিয়ে যায় আকাশি-নীল ব্রিগেডরা। ২২তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন জুয়েল রানা। অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে রহমতগঞ্জের হয়ে একটি গোল শোধ দেন মেজবাহ উদ্দিন।

তবে দিনের আরেক ম্যাচে ঘরের মাঠ রাজশাহী জেলা স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ১-০ গোলে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৬২তম মিনিটে শেখ বাবলুর গোলে এগিয়ে যায় পুলিশ। সেই গোল আর শোধ করতে পারেনি জোসেফ আফুসির দল।

হেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্রও। বসুন্ধরা স্পোর্ট কমপ্লেক্সে ৬১তম মিনিটে রিয়াদ রাফির একমাত্র গোলে জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যদের ১-০ ব্যবধানে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।

এই জয়ে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার চারে আছে জামাল ভূঁইয়ারা। সাইফের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে তিনে শেখ জামাল। দুইয়ে থাকা আবাহনীর পয়েন্ট ৩১। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দিনের আরেক ম্যাচে ‍মুক্তিযোদ্ধাকে ৩১- গোলে হারানো বসুন্ধরা কিংস।