সিন্ডিকেট ব্যবসায়ীদের সরকার রক্ষা করছে : প্রিন্স

সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশ এবং সরকার আজ লুটেরা ব্যবসায়ীদের হাতে বন্দি। সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশ চালাচ্ছেন। বর্তমান সরকার এদের রক্ষক, পাহারাদার। তাইতো ঈদের সময় মানুষকে জিম্মি করে, কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্য তেলের দাম অস্বাভাবিক হারে বাড়িয়েছে। সরকার সিন্ডিকেট মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং তাদেরই পুরস্কৃত করল। সরকারই এসব কারসাজির মূল হোতা।

গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘তেল নিয়ে কারসাজি ও দাম বৃদ্ধির প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

ভোজ্য তেল নিয়ে কারসাজি সৃষ্টিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও সরবরাহ নিশ্চিত করার   দাবি জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে তেলের দাম কমানো ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয়   উদ্যোগে দক্ষ ও দুর্নীতিমুক্তভাবে তেলসহ নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ গড়ে তুলতে হবে।’

এসময় বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে তিনি বলেন, ‘অযোগ্য মন্ত্রী আমলা আর কমিশন ভোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থাও গ্রহণ করতে হবে। সরকার আজ ডাবল ব্যর্থ।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে ভোক্তা জনগণের পকেট কাটার মহোৎসব চলছে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের লুটপাটের সকল দায় জনসাধারণের কাঁধে চাপিয়ে যাচ্ছে।’