সাভারে বেতন না পেয়ে গতকাল শনিবার একটি তৈরি পোশাক কারখানায় তালা দিয়েছে শ্রমিকরা। তারা বলছেন, কয়েক শ্রমিক এপ্রিল মাসের বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বায়োটেক্স ফ্যাশন নামে ওই কারখানার মালিক মোহাম্মদ হানিফের অভিযোগ, কয়েক শ্রমিক তাকে হত্যার হুমকি দিয়েছে। এই নিয়ে তিনি সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কারখানা মালিক মোহাম্মদ হানিফ আরও জানান, তার পোশাক কারখানায় কাজ করে ৮৫ শ্রমিক। বিভিন্ন কারখানা থেকে তিনি সাব কনট্রাক্টে কাজ এনে শ্রমিকদের দিয়ে কাজ করান। কিছু স্টাফের এপ্রিল মাসের বেতন পরিশোধ করতে পারেননি তিনি। ওই স্টাফরা ১ এপ্রিল অর্ধেক মাসের বেতনের জন্য সাভারে তার ভাড়া বাসায় গিয়ে না পেয়ে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে হামলার চেষ্টা করে। এ ঘটনায় তিনি কারখানাটির স্টাফ আউয়ালকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এখলাছুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।