রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দুঃখীর দুঃখ বোঝেন, দরিদ্রের কষ্ট বোঝেন, অসহায়ের ব্যথা বোঝেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল শনিবার পিরোজপুরের নাজিরপুরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণের শুকনা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। নাজিরপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, নাজিরপুর এ অনুষ্ঠান আয়োজন করে।
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি দেশের একজন মানুষও না খেয়ে থাকবে না, একজন মানুষও দরিদ্র থাকবে না, একজন মানুষও অসহায় থাকবে না। শেখ হাসিনার মতো জনবান্ধব প্রধানমন্ত্রী অতীতে কখনো আসেনি। তিনি যেভাবে গরিবের কষ্ট বোঝেন, দুঃখীর দুঃখ বোঝেন, অসহায়ের ব্যথা বোঝেন, এ রকম না হলে তিনি রাষ্ট্রনায়ক হতে পারতেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা প্রমাণ করেছেন।’
শ ম রেজাউল করিম আরও বলেন, ‘শেখ হাসিনার মতো জনবান্ধব সরকারপ্রধান আমরা বাংলাদেশে পেয়েছি বিধায় আজ দেশের কোথাও হাহাকার নেই, অভাব নেই, হতাশা নেই।’ বিজ্ঞপ্তি