ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

দেশে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ। গতকাল শনিবার এক বিবৃতিতে পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির প্রায় ১৫ মাসে ৯ বার ও ৩ মাসের মাথায় ৫ মে বৃহস্পতিবার আবারও ভোজ্য তেলের দাম এক লাফে ৩৮ থেকে ৪৪ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে পরিষদ সভাপতি বলেন, গত বছর জানুয়ারি মাসে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়েছিল ১১৫ টাকায়। মাত্র ১৫ মাসের ব্যবধানে সেই তেলের দাম প্রতি লিটারে ৮৩ টাকা বাড়ানো হয়েছে; অর্থাৎ এই ১৫ মাসে দাম বেড়েছে ৭২ দশমিক ১৭ শতাংশ। কোনো কারণ ছাড়াই দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি দারিদ্র্যসীমার নিচে থাকা ৭ কোটিসহ নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা। জনগণকে ক্ষতিগ্রস্ত করে হাতে গোনা কিছু ব্যবসায়ীকে লাভবান করতে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অমানবিক।

বিবৃতিতে আরও বলা হয়, এভাবে বাজেটের আগে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। তাই অবিলম্বে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুন।