খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন সেনাপ্রধানের

সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল শনিবার দুপুরে কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। এসময় তিনি প্রকল্পটির নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সেনাপ্রধান আশ্রয়ণ প্রকল্পে পৌঁছালে সার্বিক চিত্র তুলে ধরেন ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান।

সেনাপ্রধান বলেন, ‘ইতিমধ্যে প্রকল্পের ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হবে।’ এসময় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল ফখরুল আহসানসহ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকারভিত্তিক প্রকল্প। প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে পাইলিং ফাউন্ডেশন দিয়ে ১৩৯টি ৫তলা ভবন নির্মাণ অন্যতম। এ ছাড়াও এই প্রকল্পের আওতায় ধর্মীয় উপাসনালয়, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, খেলার মাঠ এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাসহ বিবিধ সুবিধাদি নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্র্তৃক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।