মায়ের মতো প্রজ্ঞাবতী হয়ে উঠবো একদিন আমিও: পুতুল

আজ বিশ্ব মা দিবস। মা দিবসে মা’কে নিয়ে লেখায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুলও মাকে নিয়ে লিখেছেন, সঙ্গে দিয়েছেন মা ও শাশুড়ির ছবি। পুতুলের লেখাটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘‘অন্তঃসত্ত্বাকালীন নিয়মিত চেকআপে বেশিরভাগ দিন শাশুড়ি মা-ই যান সঙ্গে। সেদিন আমি আর মা গিয়েছি ডাক্তারের কাছে। নিজেদের মধ্যে কথোপকথনের ভঙ্গিতে ডাক্তার ধরেই নিয়েছেন আমি মায়ের মেয়ে, আর বাসায় থাকা যে আম্মার কথা বলছি তিনি আমার শাশুড়ি। শেষে প্রকৃত সত্যটা আবিষ্কারের পর ডাক্তারের বিস্ময়ভরা অভিব্যক্তিই বলে দিচ্ছিলো সমাজের প্রথাগত বৌ শাশুড়ির সম্পর্কের চেয়ে আমাদের সম্পর্কের ভাষা আর সমীকরণে বিস্তর ফারাক। বিয়ের পরের জীবনটায় মা আমার জীবনবোধের সবচেয়ে বড় শিক্ষক। মাকে যতো দেখি ততোই মনে স্বপ্ন জাগে যে, তাঁর মতো প্রজ্ঞাবতী হয়ে উঠবো একদিন আমিও।

‘‘আর এই যে আমার শাশুড়ি মায়ের এতো গর্ব আমাকে নিয়ে, তার ভিত গড়ে দেয়া মানুষটা আমার আম্মা। নৈতিকতা মূল্যবোধের শিক্ষাগুলো মায়ের কারণে সঞ্চারিত হয়েছে আমার ভিতর। আমাকে নিয়ে আম্মার করা বাড়তি উদ্বেগগুলো ইদানীং আর আমার ভিতর বিরক্তি আনে না। শুধু মনে হয়, আম্মা এখনো আছে বলেই না! নিজের ভিতর একটা প্রাণ বহন করে চলতে ফিরতে যতো প্রতিকূলতার সম্মুখীন হই, ততো আম্মার প্রতি আদর আসে কৃতজ্ঞতা আসে।

‘‘ভালো থাকুক আমার এই দুই মা। যতোদিন মায়েদের স্নেহ ভালোবাসার ছায়া মাথার উপরে আছে ততোদিনই জীবনটা আশীর্বাদে পরিপুষ্ট।’’