পেইচিংপন্থি জন লি হংকংয়ের নতুন নির্বাহী

পেইচিংপন্থি জন লি এবার গণতন্ত্রকামী হংকংয়ের পরবর্তী প্রধান নির্বাহী নির্বাচিত হয়েছেন। গণতন্ত্রের দাবিতে করা আন্দোলন কঠোরভাবে দমনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন নিরাপত্তা বাহিনীর এই কর্মকর্তা। নির্বাচন কমিটির গতকাল রবিবারের ভোটে জন লি পেয়েছেন ১ হাজার ৪১৬ ভোট। ১ হাজার ৫০০ ভোটের মধ্যে তার বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৮টি। জন লির জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো হংকংয়ের শীর্ষ পদে একজন নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা স্থান পেলেন।

সাবেক এই নিরাপত্তাবিষয়ক সেক্রেটারি হংকংকে একত্র করার সেøাগান নিয়ে ভোটের প্রচারণা চালিয়েছেন এবং তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। ৬৪ বছর বয়সী এই কর্মকর্তা পেইচিংয়ের জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ২০২০ সালে গণতন্ত্রকামী আন্দোলনকে চূর্ণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন জন লি।

পেইচিংয়ের সেই আইনের আওতায় হংকংয়ের ১৫০ জনের বেশি নাগরিককে আটক করা হয়। গণতন্ত্রপন্থি অনেক নেতাকেই জেলে যেতে হয় সে সময়। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন অনেকে। সিভিল সোসাইটির সংগঠনগুলো ভেঙে দেওয়ার পাশাপাশি হংকংয়ে অ্যাপল ডেইলি ও স্ট্যান্ড নিউজের মতো মিডিয়া আউটলেটও বন্ধ করে দেওয়া হয়েছে।