বাড়ি ফেরার পথে স্বামী স্ত্রী নিখোঁজ চার দিন

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের এক দিন পর বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন এক দম্পতি। গত ৫ মে সকালে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলীনগর গ্রাম থেকে ফেরার পথে তারা নিখোঁজ হন। নিখোঁজ দম্পতি হলেন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে ফারুক মিয়া (২৬) ও তার স্ত্রী মারিয়া আক্তার (২০)।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফারুকের বাবা ইব্রাহিম মিয়া ও মারিয়ার বাবা আবুল কালাম।

ফারুকের বাবা ও পরিবারের অন্য সদস্যরা জানান, ফারুক রাজমিস্ত্রির কাজ করেন। এক বছর আগে তেলীনগর গ্রামের মারিয়া আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। রমজান মাসে মারিয়া বাবার বাড়ি তেলীনগরে যান। ফারুক ঈদের পরদিন গত ৪ মে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান। সেদিন মারিয়া ফিরে আসতে রাজি না হওয়ায় বন্ধুকে বিদায় করে স্ত্রীকে পরদিন নিয়ে আসবেন বলে ফারুক শ্বশুরবাড়িতে থেকে যান। পরদিন সকালে ফারুক ও মারিয়াকে বাড়ি ফিরে আসতে আবুল কালাম একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে দেন। কিন্তু রাতেও তারা ফারুকের বাড়িতে না পৌঁছায় দুই পরিবারই উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে সদর মডেল থানায় দুই পরিবারের পক্ষ থেকে পৃথক জিডি করা হয়।

জিডি দুটির তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার এসআই শওকত হাসান বলেন, ‘বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। নিখোঁজ স্বামী-স্ত্রীর কেউ মোবাইল ফোন ব্যবহার করেন না। মোবাইল ফোন ব্যবহার করলে তদন্তের ক্ষেত্রে সুবিধা হতো। আমরা তাদের সন্ধান পেতে তদন্ত চালিয়ে যাচ্ছি।’