লিফট বসানোর ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা টাউন এলাকায় নির্মাণাধীন ভবনে লিফট বসানোর উন্মুক্ত ট্যাঙ্কে পড়ে আব্বাস (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। আব্বাস ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের কলাতলা মালীগ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।

মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, সৌদি আরবে থাকাকালে দুই বছর আগে আব্বাসের বাবা মিজানুর রহমান লিভার সমস্যায় মারা যান। পরে শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে ছেলেকে নিয়ে মা ইতি আক্তার বাবার বাড়িতে আশ্রয় নেন। বোন তাছলিমার সঙ্গে সংসার চালাতে ইতি গৃহকর্মীর কাজ শুরু করেন। তাছলিমা গতকাল আব্বাসকে সঙ্গে নিয়ে কাজে যান। সবার অগোচরে খেলতে গিয়ে আব্বাস নির্মাণাধীন সাততলা ভবনের লিফটের জন্য করা উন্মুক্ত ট্যাঙ্কে পড়ে যায়। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একমাত্র সম্বল ছেলেকে হারিয়ে মা ইতি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান ভাঙ্গা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পান্না মিয়া।