বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজধানীর বাড্ডা গুদারাঘাট এলাকার একটি বাসায় পানির ট্যাংকি পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আল আমিনের সহকর্মী মো. ইয়াছিন জানান, তারা ডায়মন্ড শাইন ক্লিনার সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেন। গতকাল সকাল থেকে আল আমিনসহ তিনজন গুদারাঘাটের একটি বাসার নিচে পানির ট্যাংকি পরিষ্কার করছিলেন। সেখানে মোটর লাগিয়ে পানি বের করে দিচ্ছিলেন। কাজ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান আল আমিন। আল আমিন নরসিংদীর রায়পুরা থানার বাঁশগাড়ি গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি বনানী কড়াইল জামাইবাজার বস্তিতে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।