নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সকাল ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন শুরু করে বিশ্ববিদ্যালয়টি।

কবি নজরুল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালী করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বেলা সাড়ে ১০টায় গাহি সাম্যের গান মঞ্চে কেক কাটার পরপর শুরু হয় আলোচনা সভা। এ ছাড়া সভাস্থলে পায়রা এবং বেলুন ওড়ানো হয়।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারীর সভাপতিত্বে ও হীরক মুশফিকের সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ১৭তম বিশ্ববিদ্যালয় দিবসে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও উন্নয়নের পথে নিরন্তর স্বপ্নযাত্রার যে স্বপ্ন সেটি বাস্তবায়নে কাজ করে যাবো। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তোলার লক্ষ্য নিয়েই নজরুল বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে।

এছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুরে শেখ রাসেল বিশ্ববিদ্যালয় করার জন্যও সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় দিবসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শেখ সুজন আলী, প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, কর্মকর্তা পরিষদের সভাপতি প্রকৌশলী মো. জোবায়ের হোসেন।

এ ছাড়া স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর।