প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে কলেজছাত্রীকে অপহরণ

কুমিল্লার মুরাদনগরে প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে এক কলেজছাত্রীকে অপহরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। 

অপহৃত কলেজছাত্রীর (১৬) বাবা প্রবাসী এবং তিনি একটি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। 

ভিকটিমের পরিবার এবং স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে ওই ছাত্রীর বাড়ি ঘেরাও করে একদল সন্ত্রাসী। সন্ত্রাসীদের হাতে অস্ত্র দেখে আশপাশের লোকজন আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। এ সময়ে কলেজছাত্রী ইসরাত জাহানকে তুলে নেয়ার চেষ্টা করলে তার মা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে অপহরণকারীরা ভিকটিমের মাকে অস্ত্র ঠেকিয়ে মারধর করেন। এ সময় ওই কলেজছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে সন্ত্রাসীরা একটি প্রাইভেটকারে করে তুলে নিয়ে যায়। পরে অপহৃত ছাত্রীর মায়ের চিৎকারে আশপাশের লোকজন একত্রিত হয়। 

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অপহৃত কলেজছাত্রীর মা বলেন, একজন এসে দরজা নক করলে আমি ভাডাটিয়া মনে করে দরজা খুলি, পরে মুহূর্তের মধ্যেই কয়েকজন মাস্ক পরিহিত আমার বাসায় ঢুকে আমার মেয়েকে টানাহেঁচড়া শুরু করে। আমি তাদের বাধা দিলে তারা আমাকে অস্ত্র ঠেকিয়ে মারধর করে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। আমি দ্রুত আমার মেয়েকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি আবুল হাশিম বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি, এখনো লিখিত অভিযোগ পাইনি। আমরা অবশ্যই ঘটনার রহস্য উদঘাটন এবং ওই ছাত্রীকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।