আফগানিস্তানের নারীদের অধিকার খর্ব করে; এমনসব সিদ্ধান্ত যদি ক্ষমতাসীন তালেবান কর্র্তৃপক্ষ প্রত্যাহার না করে, সে ক্ষেত্রে এ গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। তালেবান গোষ্ঠীকে ইতিমধ্যে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। গত সোমবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নেড প্রাইস বলেন, ‘আমরা তালেবানকে সরাসরি জানিয়ে দিয়েছি যে, এখনো আমাদের হাতে অনেক পন্থা রয়েছে। যদি আমাদের মনে হয়, এসব (আফগানিস্তানের নারী অধিকার খর্ববিষয়ক) সিদ্ধান্ত তারা ফিরিয়ে নেবে না, কিংবা (পরিস্থিতি) আগের অবস্থায় ফিরিয়ে আনতে তারা কোনো উদ্যোগ গ্রহণ করবে না, সে ক্ষেত্রে আমাদের নিজস্ব পন্থা নিয়ে এগোতে বাধ্য হব আমরা।’ তবে কী কী সম্ভাব্য পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিতে পারে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ওই মুখপাত্র। ২০ বছর আগে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর হাতে ক্ষমতা হারানো তালেবান গোষ্ঠী ২০২১ সালের আগস্টের মাঝামাঝি পুনরায় কাবুল দখল করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে তাদের ও ন্যাটো সেনাদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার পর মাত্র তিন মাসের ঝটিকা অভিযানে জাতীয় ক্ষমতা দখলে সফল হয় তালেবান।