সৌদি আরবে পাঠানোর আগে পাসপোর্ট ও ভিসা দেওয়ার জন্য ডেকে এক নারীকে ধর্ষণের অভিযোগে রিক্রুটিং এজেন্সির এক দালালকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার গাজীপুর থেকে মো. খলিল মিয়া (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব-৩-এর একটি দল।
র্যাব জানায়, গত বছরের নভেম্বর মাসে খিলগাঁওয়ের একটি মেসে ডেকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন খলিল। পাশাপাশি বিষয়টি প্রকাশ না করতে ভয়ভীতি দেখান। ‘বিদেশযাত্রায়’ জটিলতা হতে পারে শঙ্কায় চেপে যান ওই নারী। গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরব পৌঁছান তিনি। সেখানে মেডিকেল পরীক্ষায় জানতে পারেন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা! দেশে পাঠিয়ে দেওয়া হয় তাকে। গত ৮ এপ্রিল দেশে ফিরে সংশ্লিষ্ট এজেন্সিকে বিষয়টি জানান তিনি। খলিলের কাছে গর্ভের সন্তানের পিতার স্বীকৃতিও দাবি করেন। এর মধ্যে গা ঢাকা দেন খলিল। পরে খিলগাঁও থানায় মামলা করেন ওই নারী। গতকাল গাজীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব।
র্যাব-৩-এর স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, এক নারী সৌদি আরব যাওয়ার জন্য খলিল মিয়ার কাছে তার পাসপোর্ট দেন। তার মেডিকেলসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে সহায়তা করেন খলিল। গত বছরের ২৬ নভেম্বর পাসপোর্ট-ভিসা দেওয়ার জন্য খিলগাঁও ঝিলপাড় তালতলা সিটি সুপার মার্কেটের পেছনের একটি মেসে ডেকে ধর্ষণ করেন।