মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
মঙ্গলবার ভোর থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, গতকাল বিকেলে ঘূর্ণিঝড় আসানির প্রভাবে মাদারীপুর জেলাজুড়ে শুরু হয় বৃষ্টি। বিকেলে বৃষ্টির সঙ্গে বাতাস বইতে থাকলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। তাই দুর্ঘটনা এড়াতে নৌপথের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত ঝড়ো বাতাস ও বৃষ্টি ছিল। এ কারণেই কোনো দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ভোর থেকে আবারও লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করেছে।