আইপিএলে ভুলে যাওয়ার মতো এক মৌসুম কাটাচ্ছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ককে যুদ্ধ করতে হচ্ছে রানের জন্য।
এবারের আইপিএলে মাত্র একটি ফিফটি পেয়েছেন তিনি, গুজরাট টাইটানসের বিপক্ষে। যেন নিজেকে হারিয়ে খুঁজছেন কোহলি। এমনিতে ব্যাটে রান নেই, তার মধ্যে তিনবার গোল্ডেন ডাক মেরেছেন ভারতীয় ব্যাটার।
আইপিএলে দ্বিতীয়বারের মতো সবচেয়ে খারাপ মৌসুমে কাটাচ্ছেন কোহলি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে করতে পেরেছেন মাত্র ২১৬ রান।
কোহলির তিন গোল্ডেন ডাকের দুটি এসেছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। অন্যটি লক্ষ্নৌ সুপার জায়ান্টদের বিপক্ষে, দুষ্মন্ত চামিরার বলে। তবে এই গোল্ডেন ডাকের পর কোহলি মাঠ ছাড়েন হাসি মুখে। গোল্ডেন ডাক মেরে উল্টো এমন হাসি মুখের কারণে তার ওপর খেপেছেন নেটিজেনরা।
তবে কেন হাসছিলেন তা খোলাসা করলেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পোস্ট করা এক ভিডিওতে আলোচক নাগের সঙ্গে কথা বলার সময় আরসিবির সাবেক অধিনায়ক বলেন, ‘প্রথম বলে ডাক… ওহ গড। আমার ক্যারিয়ারে এটা কখনো ঘটেনি। যার কারণে আমি হাসছিলাম। কারণ সে সময় মনে হচ্ছিল, এটাও আমাকে দেখতে হলো। ক্যারিয়ারে আমার সবকিছু দেখা হয়ে গেছে।’