কারামুক্ত হলেও হাসপাতালেই থাকছেন সম্রাট

সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসার কারণে তিনি আজই বাসায় ফিরছেন না।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম বলেন, ‘সম্রাট এখনও অসুস্থ। তাকে আজই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না।’

তিনি জানান, তার পরিবারের সদস্যরা তাকে অন্য কোথাও চিকিৎসা করাতে চাইলে আগামীকাল চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।