আসছে শনিবার শতবর্ষের মিলনমেলায় মিলিত হতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সাবেক শিক্ষার্থীরা। হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী এ মিলনমেলায় নিবন্ধনকৃত সব অ্যালামনাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠান হল প্রাঙ্গণ ও শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শতবর্ষের এ মিলনমেলায় ইতিমধ্যে কয়েক হাজার সাবেক শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এ মিলনমেলায় নতুন-পুরনো শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ তৈরি হবে।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় রেজিস্ট্রেশন ও উপহার গ্রহণ, ১০টায় ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সাড়ে ১০টায় শুভ উদ্বোধন হল প্রাঙ্গণ, বেলা ১১টায় আলোচনা সভা ও বার্ষিক সাধারণ সভা, দুপুর ১টায় মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজের বিরতি, ২টা ৩০ মিনিটে স্মৃতিচারণ ও আনন্দ আড্ডা এবং বিকেল ৪টায় বৈকালিক চা আড্ডা।
এবারের শতবর্ষের মিলনমেলা উদযাপন কমিটি-২০২২-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শহীদুল্লাহ হলের প্রাক্তন ছাত্র ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মো. সহিদুল ইসলাম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন যুগ্ম সচিব মো. আবুল ফজল মীর।