সাভার পৌর এলাকার একটি বাসাবাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দুই নারী দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। অগ্নিদগ্ধদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সাভার থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনির দারোগ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার সজারিয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের স্ত্রী সেলিনা (৬৫)। এক মাস আগে ওই এলাকায় মেয়ের বাসায় বেড়াতে আসেন তিনি। অপরজন হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মিতু আক্তার (২২)। তিনি স্বামী নোমানের সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়িতে রান্না করার সময় দারোগ আলীর বাড়ি থেকে বিকট শব্দ হয়। এ সময় স্থানীয়রা ছুটে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় সেলিনা ও মিতু আক্তারকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুন্নাহার বলেন, দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সেলিনার শরীরের ৭৫ শতাংশ ও মিতুর ৩০ শতাংশ পুড়ে গেছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, অগ্নিদগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। রান্নার সময় সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তারা দগ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।