টাইগারদের সঙ্গে ক্যারিবিয়ান সফরে যাবেন না হেরাথ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে পাচ্ছে না বাংলাদেশ। এই লঙ্কান কিংবদন্তি স্পিনার জানিয়েছেন, পরিবারের সঙ্গে থাকতে তিনি ছুটির আবেদন করেছেন।

টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে হেরাথকে পাওয়া যাবে না। তিনি পরিবারের সঙ্গে থাকবেন।’

অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া হেরাথের জন্মভূমি শ্রীলঙ্কায় চলছে বিক্ষোভ। তবে এমন পরিস্থিতিতে দু্ই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে লঙ্কানরা।

১৫ মে চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দেশে না ফিরে এই সিরিজে থাকছেন হেরাথ।

জিম্বাবুয়ে সফরের সময় বাংলাদেশের কোচিং সেট-আপে যুক্ত হন হেরাথ। পরে তার চুক্তি এই বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়ন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়।

ক্যারিবিয়ান সফরে হেরাথের বিকল্প নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তবে দেশের অন্যতম স্পিন কোচ সোহেল ইসলাম আছেন এই দৌড়ে সবার আগে।

উইন্ডিজের উদ্দেশ্যে ৬ জুন ঢাকা ছাড়ার সম্ভাবনা আছে টাইগারদের। এই সফরে দুই টেস্টের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ।

খসড়া সফরসূচী অনুযায়ী, ১৬-২০ জুন অ্যান্টিগায় হবে সিরিজে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৪-২৮ জুন, সেন্ট লুসিয়ায়। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২ ও ৩ জুলাই, ডোমিনিকায়। তৃতীয় টি-টোয়েন্টি হবে ৭ জুলাই, গায়ানায়। এছাড়া গায়ানাতে ১০, ১৩ ও ১৬ জুলাই হবে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ।