ছেঁড়া জুতা জোড়ার দাম লাখ টাকা!

জুতা জোড়া দেখতে পুরোপুরি ছিঁড়ে যাওয়া বাতিল হওয়ার মতো। শুধু দেখতে ছেঁড়া বলেই নয়, পাদুকা জোড়ার দাম দেখলেও চক্ষু চরকগাছ হওয়ার উপক্রম। এক জোড়া জুতার সর্বোচ্চ দাম নাকি দেড় লাখ টাকা।

বিলাসবহুল ফ্যাশনের জগতে অত্যন্ত পরিচিত ব্যালেনসিয়াগা এমন জুতাই এবার বাজারে নিয়ে এসেছে।

হলিউড ও বলিউডের অনেক তারকাকেই ব্যালেনসিয়াগার ব্যাগ কিংবা জুতো পরতে দেখা যায়।

সংস্থার পক্ষ থেকে জুতাটির নাম রাখা হয়েছে ‘ফুললি ডেসট্রয়েড স্নিকার্স’ বা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া জুতো। ব্যালেনসিয়াগার ‘প্যারিস স্নিকার’ নামক একটি বিশেষ সংগ্রহের অধীনে বাজারে আসছে এই জুতাগুলো। মাত্র ১০০ জোড়া এই ধরনের জুতো তৈরি করছে সংস্থাটি। দাম শুরু হচ্ছে ৩৮ হাজার টাকা থেকে। কিন্তু জুতা যত ছেঁড়া হবে ততই বাড়বে দাম। সর্বোচ্চ দাম ১ লাখ ৪৪ হাজার টাকা।

এমন ছেঁড়া জুতো বাজারে আনার কারণ সম্পর্কে ব্যালেনসিয়াগা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি বিশেষ বার্তা প্রচার করতে চাইছেন জুতাটির মাধ্যমে। ‘স্নিকার্স জাতীয় জুতা সারা জীবন পরার জন্যই তৈরি’— এই বার্তাটিই তারা পৌঁছে দিতে চান গ্রাহকদের কাছে।

সাদা, কালো কিংবা লাল রঙের এই জুতো মূলত তৈরি হয়েছে ক্যানভাস কাপড়ে। শুকতলা তৈরি হয়েছে রবার দিয়ে।