কুড়িগ্রামের চিলমারীতে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডে চায়ের দোকানের গরম তেলে দিয়ে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে ঝলসে দেয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরোনো বাজারে এ ঘটনা ঘটে।
আহত যুবক উপজেলার জোড়গাছ পুরোনো বাজারের মৃত আউয়ালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোড়গাছ পুরোনো বাজারে সাদ্দাম হোসেন চায়ের দোকানে কাজ করেন। গতকাল বুধবার পাশের চায়ের দোকানের কর্মচারী সেলিমের (১৮) কাছ থেকে পাওনা দুইশো টাকা ফেরত চাইলে দেয়া না দেয়া নিয়ে কথা-কাটাকাটি হয় দোকানের মালিক ও কর্মচারীর সঙ্গে সাদ্দামের। এরই জের ধরে ঘটনার দিন দুপুরের দিকে সাদ্দামের বড় ভাই জীবনকে (৩৩) হঠাৎ আক্রমণ করে ওই চায়ের দোকানে মালিক রঞ্জু মিয়া ও তার ছেলে আকাশ। এরপর খবর পেয়ে ঘটনাস্থানে সাদ্দাম হোসেন এলে কিছু বুঝে ওঠার আগেই আকাশ দোকানের বড় জগ এ করে গরম তেল ছুড়ে মারেন। এতে গরম তেলে সাদ্দাম হোসেনের শরীর ঝলসে গেলে স্থানীয়রা উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সাদ্দামের বড় ভাই জীবন বলেন, ‘গতকাল রাতে বাজারে কথা-কাটাকাটি হয়েছে। আজ সকালে আমি চা খেতে বাজারে আসি কিন্তু হঠাৎ করে সেলিম, রঞ্জু, আকাশ আমাকে মারধর করে। তখনই আমি আমার ভাইকে ফোন করে জানাই। ছোট ভাই আসার সঙ্গে সঙ্গে তার গায়ে গরম তেল ছুড়ে মারে।’
আহত সাদ্দাম বলেন, ‘আমি দুইশো টাকা পাই সেলিমের কাছে, সেই টাকাই তো চেয়েছি। কিন্তু তারা সবাই মিলে আমার গায়ে গরম তেল ঢেলে দিয়েছে।’
এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।