৬৯ হাজার ভেজাল ওরস্যালাইনসহ একজন গ্রেপ্তার

৬৮ হাজার ৮০০ প্যাকেট ভেজাল ওরস্যালাইনসহ এক ওষুধ সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সুজন কান্তি সিকদার (৪২)। গত বুধবার রাতে নগরের বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭২ কার্টনে ভর্তি এসব ভেজাল ওরস্যালাইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুজনের বাড়ি সীতাকুণ্ড থানার মধ্যম সোনাইছড়ি এলাকায়।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির দেশ রূপান্তরকে বলেন, হাজারীগলিতে ৭০ কার্টন ভেজাল ওরস্যালাইনসহ এসএমসি কোম্পানির প্রতিনিধি মনোয়ার হোসেন ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা প্রথমে সুজনকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে সমিতির অফিসে গিয়ে তাকে ভেজাল ওরস্যালাইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে নগরীর আন্দরকিল্লা বিনিময় মার্কেটের নিচতলায় জননী কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে আরও ১০২ কার্টন ভেজাল ওরস্যালাইন উদ্ধার করা হয়। ১৭২ কার্টনের মধ্যে মোট ৬৮ হাজার ৮০০ প্যাকেট ভেজাল ওরস্যালাইন পাওয়া যায়।