উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো কোভিড-১৯ রোগী শনাক্তের কথা স্বীকারের পরদিনেই দেশটিতে করোনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেল।
শুক্রবার বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, দেশটিতে জ্বরে আক্রান্ত ছয়জন মারা গেছে। এদের মধ্যে একজন করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন।
দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, আরো হাজার হাজার মানুষ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে ভুগছে। দেশটিতে এক লক্ষ সাতাশি হাজার মানুষ জ্বরে ভুগছে, যাদের আলাদা রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার দেশটিতে প্রথমবারের মতো কোভিড-১৯ রোগী শনাক্তের কথা স্বীকার করা হয়। রাজধানী পিয়ংইয়ংয়ে করোনার অমিক্রন ধরন শনাক্ত করা হয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
উত্তর কোরিয়া এই প্রথমবারের মতো করোনা ভাইরাসে মৃত্যুর খবর দিলেও বিশেষজ্ঞরা মনে করেন সেখানে আগে থেকেই করোনা ভাইরাস সংক্রমণের অস্তিত্ব ছিল।
রাজধানী পিয়ংইয়ং-এ অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে এবং সেখানে লকডাউন জারি করা হয়েছে। তবে কত মানুষ আক্রান্ত হয়েছে সে পরিসংখ্যান দেয়া হয়নি।
রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, রাজধানীর বাইরেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে দেশজুড়ে এক ধরণের অজানা জ্বরের বিস্ফোরণ ঘটেছে।
প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে জ্বরের লক্ষণ রয়েছে। তবে এদের মধ্যে কতজন করোনা ভাইরাস পজিটিভ- সেটি জানানো হয়নি।
এদিকে, করোনা ভাইরাসের ভ্যাকসিন কর্মসূচি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। বিভিন্ন দেশ যখন তাদের ভ্যাকসিন সরবরাহ করতে চেয়েছিল, তখন সেটি গ্রহণ করেনি দেশটি।
এর পরিবর্তে সীমান্ত বন্ধ করে দিয়ে সংক্রমণ ঠেকানোর চেষ্টা করেছে উত্তর কোরিয়া। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, দেশটিতে অনেক আগে থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, টিকা কর্মসূচি গ্রহণ না করায় দেশটির আড়াই কোটি মানুষ বেশ ঝুঁকিতে আছে।
উত্তর কোরিয়া বলছে, দেশটির নেতা কিম জং-উন করোনা ভাইরাস সংক্রমণ নির্মূল করার করার জন্য বদ্ধপরিকর। এ বিষয়টিকে তিনি 'রাষ্ট্রীয় জরুরি অবস্থা' হিসেবে বর্ণনা করেছেন।
করোনা ভাইরাসের নতুন বিধি-নিষেধ আরোপ করার জন্য যে বৈঠক ডাকা হয়েছে, সেখানে কিম জং-উনকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে। এই প্রথমবারের মতো তাকে রাষ্ট্রীয় টেলিভিশনে মাস্ক পরা অবস্থায় দেখা গেল।
তবে বৈঠকে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা যখন তাদের মাস্ক লাগান তখন মি. কিম তার মাস্কটি খুলে ফেলেন।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য ২০২০ সালের জানুয়ারি মাসে উত্তর কোরিয়া সর্বপ্রথম তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল। এছাড়া বিদেশ থেকে কোন খাদ্য সামগ্রী উত্তর কোরিয়ায় ঢোকা বন্ধ করে দেয়া হয়েছিল। ফলে দেশটি খাদ্য ঘাটতিতে পড়ে এবং অর্থনৈতিক সংকট তৈরি হয়।