শিবচরে এক্সপ্রেসওয়েতে দুই যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ১২

মাদারীপুরের শিবচরে দুটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ১২ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল দশটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি গাজী শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে বাস দুটি হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে।

জানা যায়, মাদারীপুর থেকে শিবচরে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি বাস পাঁচ্চর বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য থামে। এ সময় বাংলাবাজার ঘাটগামী সোনালি পরিবহনের অপর একটি বাস পেছন থেকে সার্বিক পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির কাচ ভেঙে অনেকেরই চোখে-মুখে লাগে। অনেকের মাথায় আঘাত লাগে। উভয় বাসেরই ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। 

আহতদের উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আশরাফুল আলম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। যাত্রী নামানোর সময় অপর একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মারাত্মকভাবে কেউ আহত হয়নি। যারা আহত ছিলেন তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাস দুটি পুলিশি হেফাজতে আছে।

পাঁচ্চর রয়েল হাসপাতালে ব্যবস্থাপক জগদীশ চন্দ্র বলেন সকালে দুই বাসের সংঘর্ষের ঘটনায় আহত ৮/৯ জন যাত্রী এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। মাথায় আঘাত পেয়েছেন অনেকেই।

শিবচর হাইওয়ে থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন বলেন, গাড়ি দুইটি আমাদের থানায় রয়েছে।রোগীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।