তিন দিন ধরে শিকলে বেঁধে নির্যাতনের পর নিখোঁজ কিশোর

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নে টাকা চুরির অপবাদে গাছের সঙ্গে শিকলে বেঁধে এক কিশোরকে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

গত ৯ মে থেকে ১১ মে পর্যন্ত দফায় দফায় মারধরের পর থেকে ওই কিশোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভুক্তভোগী একই এলাকার বাসিন্দা।

মারধরের ঘটনার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনায় জড়িত থাকার দায়ে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।  

প্রকাশিত ছবিতে দেখা যায়, ওই কিশোরকে একটি গাছের সঙ্গে লোহার দিয়ে শিকলে বেঁধে রাখা হয়েছে। বোয়ালিয়া এলাকার হজরত আলী নামে এক ব্যক্তি তাকে মারধর করছেন। এ সময় আশপাশের লোকজন দাঁড়িয়ে বিষয়টি দেখছেন। ছবিতে ভুক্তভোগীর শরীরে রক্তাক্ত জখম চিহ্ন দেখা যায়।

ওই কিশোরের মা জানান, তারা ঢাকায় থাকেন, তার ছেলে বাড়িতে থাকেন। ৮৫ হাজার টাকা চুরির অপবাদে তার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এমন সংবাদ পেয়ে তারা বাড়িতে এসেছেন। ৯ মে থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত হজরত আলী, ফেরদৌস, মমতাজ এবং তানিয়া দফায় দফায় অমানবিক নির্যাতন করেছে। এরপর থেকে তার ছেলেকে খুঁজে পাচ্ছেন না।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, ঘটনার পর ওই কিশোর মোটরসাইকেল যোগে পালিয়ে গেছেন। ওই কিশোরের সন্ধান করা হচ্ছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।