অস্ট্রেলিয়া

চীনা গোয়েন্দা জাহাজের উপস্থিতি উদ্বেগজনক

নিজেদের পশ্চিম উপকূলে চীনের একটি গোয়েন্দা জাহাজের উপস্থিতি শনাক্তের দাবি করেছে অস্ট্রেলিয়া। তাদের দাবি, একটি স্পর্শকাতর প্রতিরক্ষা স্থাপনার ৫০ নটিক্যাল মাইলের মধ্যে জাহাজটি শনাক্ত করা হয়েছে। জাহাজটির উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, চীনা নৌবাহিনীর জাহাজটির অবস্থান অস্ট্রেলিয়ার আঞ্চলিক জলসীমায় নয় কিন্তু এর উপস্থিতি উদ্বেগজনক। সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা স্পষ্টত একটি গোয়েন্দা জাহাজ আর তারা আমাদের পর্যবেক্ষণ করছে এবং আমরাও তাদের ওপর নজর রাখছি।’ গত সপ্তাহে গোয়েন্দা জাহাজটি এক্সমাউথ এলাকার হ্যারল্ড ই হল্ট নৌ যোগাযোগ স্টেশন এলাকায় শনাক্ত করে অস্ট্রেলিয়া। এই স্টেশনটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা সাবমেরিন ব্যবহার করে থাকে।