উত্তর কোরিয়ায় অতি দ্রুত মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশব্যাপী করোনা ছড়িয়ে পড়ার পর এটিকে মহা বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। খবর বিবিসির।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর, শনিবার এক জরুরি বৈঠকে কিম ছড়িয়ে পড়া করোনা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার প্রথমবারের মতো দেশটিতে করোনা শনাক্তের কথা জানিয়েছে সরকার। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, অনেক দিন ধরেই করোনা ছড়িয়ে পড়েছে দেশটিতে।
করোনা বড় আকারে ছড়িয়ে পড়লে দেশটিতে এর প্রভাব ভয়াবহ আকারে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
টিকা কার্যক্রমের আওতার বাইরে থাকায় এবং নাজুক স্বাস্থ্য ব্যবস্থার কারণে দেশটির আড়াই কোটি বাসিন্দা ঝুঁকির মধ্যে রয়েছে।
শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত এক সপ্তাহে দেশটির ৫ লাখ মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন। পরীক্ষা করার সীমাবদ্ধতার কারণে অধিকাংশেরই করোনা শনাক্ত করা সম্ভব হয়নি।
বৃহস্পতি ও শুক্রবার শনাক্তের সংখ্যাই বলে করোনা ব্যাপকভাবে বেড়েছে। আর এটিই দেশব্যাপী ছড়িয়ে পড়ার ইঙ্গিত দেয়।
গত বৃহস্পতিবার বিষয়টিকে ‘গুরুতর জাতীয় জরুরি অবস্থা’ আখ্যায়িত করে দেশজুড়ে কঠোর লকডাউনের নির্দেশ দেন কিম জং-উন।
তবে উত্তর কোরিয়া বিদেশি সাহায্য নিয়ে টিকাদান কর্মসূচি চালাতে রাজি হয়নি। দেশটি সীমান্ত বন্ধ করে রেখেছে।