মধুপুরে বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

টাঙ্গাইলে মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শামীম নামে প্রান্তিক পরিবহনের এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই বাসের অন্তত পক্ষে পঁচিশজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরের গাংগাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মধুপুর থানার উপপরিদর্শক মামুনুর রশিদ বলেন, সকাল আটটার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহন ও টাঙ্গাইলের দিক থেকে ছেড়ে আসা মাহি পরিবহন ঘটনাস্থল মধুপুরের গাংগাইর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে দুটি বাসই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দুই বাসের চালকসহ অনেক যাত্রী গুরুতর আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ২৫ জন আহতদের উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করে।

এদের মধ্যে থেকে প্রান্তিক পরিবহনের চালক শামীম (৪৫) টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রাথমিকভাবে নিহত শামীমের বাড়ি টাঙ্গাইল সদরের বলে জানান তিনি।