সয়াবিন ও পেট্রোল সংকটে সৃষ্ট জনদুর্ভোগ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১২ টায় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।
দলটির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ কবিরের সঞ্চালনায় এসময় বক্তারা বলেন, দেশে আজ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা দাবি তুলেছিলাম দরিদ্র মানুষদের জন্য গণরেশন চালু করার। দেশে দারিদ্রের হার ৩৫ শতাংশ অথচ সরকার রেশন কার্ড দিয়েছে মাত্র ২ শতাংশ মানুষকে। সরকার নাগরিকদের সাথে প্রহসনে মেতে উঠেছে।
বক্তারা আরও বলেন, আমাদের দাবি সামান্য। আমরা সাধারণ নাগরিক হিসেবে যতটুকু অধিকার রয়েছে তা নিয়ে বেঁচে থাকতে চাই। এ সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে নষ্ট করেছে। পৃথিবীতে তেল ছাড়া আর কোন জিনিসটির দাম বেড়েছে? চাল, রসুন, পেয়াজ এসবের দাম তো বাড়েনি। কিন্তু আমাদের দেশে এসব বেড়েছে। সরকারের কাছে সিন্ডিকেট আস্কারা পাচ্ছে।
অনতিবিলম্বে এসবের দাম মানুষের সাধ্যের মধ্যে না আনলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু সব জায়গায় প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে দলটির যুগ্ম আহবায়ক প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, বিশেষ অতিথি অ্যাডভোকেট তাজুল ইসলাম ও দলটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।