আন্তজেলা অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নরসিংদীর বেলাবতে আন্তজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টা হতে ১০টা পর্যন্ত বেলাব উপজেলা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের আমলাব গ্রামের মো. রকিব মিয়া, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চৈতনকান্দা গ্রামের মো. ইয়াসিন, একই এলাকার আনোয়ার ও একই থানার বিশনন্দী গ্রামের মো. ইব্রাহীম।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ জানায়, গত ১৬ এপ্রিল শনিবার বেলাব উপজেলার পাহাড় উজিলাব গ্রামের রইছ উদ্দীন নামে এক ব্যক্তি উজিলাব বাজারের জামে মসজিদের কাছে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি রেখে নামাজ পড়তে যান। এ সময় এই অটোরিকশাটি চুরি করে রকিবসহ কয়েকজন।

এ ঘটনায় রইস উদ্দীন রকিবসহ কয়েকজনকে আসামি করে ৯ মে নরসিংদী আদালতে একটি মামলা করেন।

ওই মামলা বেলাব থানায় তদন্তে আসলে শুক্রবার রাতে বেলাব থানার এসআই মো. নাইমুল ইসলাম মামলার দুই নম্বর আসামি রকিবকে বেলাব থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার আসামি রকিবের দেয়া তথ্য অনুয়ায়ী বাকি সহযোগীদের আড়াইহাজার থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়।