‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিমকে নিয়ে আলোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। কোন ফরম্যাট খেলবে সিদ্ধান্ত নাও, নইলে বিসিবিকেই সিদ্ধান্ত নিতে হবেÑ বোর্ড সভাপতির এমন কথায় চাপ পড়েছে তার ওপর। আপাতত সেই চাপ দূরে ঠেলে টেস্টে মনোযোগী হতে হচ্ছে লাল বলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারকে। একটা মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিনি। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম ৫ হাজার রান। আর ৬৮ রান করলেই কীর্তিটাকে ছুঁতে পারবেন তিনি।
টেস্টে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি পাঁচটি। এর তিনটিই মুশফিকুর রহিমের। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ২০০ রানের ইনিংসটি তার এবং তা শ্রীলঙ্কার বিপক্ষে। তার একটি আবার শ্রীলঙ্কার বিপক্ষে। তবে গেল কয়েক সিরিজ থেকেই ব্যাটে তেমন রান পাচ্ছেন না মুশি। শেষ ছয় ইনিংসে মুশফিকের মোট রান ৭৬। এর মধ্যে একবারই খেলেছেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তবে শ্রীলঙ্কাকে পেলে ব্যাট জ্বলে ওঠে ১৮ বছর ধরে টেস্ট খেলে আসা মুশফিকের। দলটির বিপক্ষে সর্বোচ্চ ১৫ ম্যাচে (২৭ ইনিংস) ১০৪৩ রান তার। গড় ৪৫.৩৪। যা জিম্বাবুয়ে ও ভারতের পর তৃতীয় সর্বোচ্চ। টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি অর্ধশতকও মুশফিক করেছেন লঙ্কানদের বিপক্ষে।
প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কাকে আবার পেয়ে রানে ফিরতে পারেন কি না মুশফিকুর রহিম তাই দেখার।