কেন্দ্রীয় কর্মসূচিতে ফরিদপুর বিএনপির দু’পক্ষের আলাদা সমাবেশ

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি দুই ভাগে বিভক্ত হয়ে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে।

‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল ও সমাবেশের এ কর্মসূচি পালন করে তারা।

রবিবার বেলা ১১টার সময় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অধিকাংশ নেতা একটি সমাবেশ করেন।

অপর দিকে বেলা সাড়ে ১১টার দিকে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে শহরের কোর্ট চত্বরে একই দাবিতে পৃথক সমাবেশ করে অপর অংশ।

এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব খায়রুল কবির অংশ নেন।

শহরের কোর্ট চত্বরে বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির কর্মী-সমর্থকরা মিছিলে অংশ নেন।

এ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব খায়রুল কবির, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন প্রমুখ ।

অপর দিকে প্রেসক্লাব চত্বরে অ্যাড. আলী আশরাফ নান্নুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, এ বি সিদ্দিকী ‍মিতুল প্রমুখ ।

সমাবেশে বক্তরা বলেন, আমাগী জাতীয় নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধিনে। কোনোভাবে এর বিকল্প দেশের মানুষ মেনে নেবে না। এখন থেকেই সব জাতিয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে হটাতে আন্দোলন শুরু করতে হবে।

তারা বলেন, দেশের মানুষ আজ এ সরকারের অন্যায়-অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে, দেশের সীমাহিন দুর্নীতির কারণে সাধারণ মানুষ তাদের ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই সরকার পতনের আন্দোলনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে থাকতে হবে।