ইনিংসের কুড়িতম ওভারে শ্রীলঙ্কা ৬৬/২। গ্রীষ্মের মধ্য দুপুরে টেস্টের প্রথম দিন এমন অবস্থায় মাথা ঠা-া রেখে এগিয়ে যাওয়া কঠিন। এই অবস্থানে শ্রীলঙ্কা না হয়ে বাংলাদেশ হলে উইকেটে থাকার লড়াইয়ে সফল হওয়া কঠিন হতো। কিন্তু এই চ্যালেঞ্জে সফল হয়েছেন কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাথা গরম করেননি, সন্ত্রস্ত হননি। সময় নিয়ে ইনিংস গড়েছেন। দিন শেষে মেন্ডিস জানালেন মাথা ঠা-া রেখেই বড় ইনিংস খেলতে পেরেছেন তারা।
সাফল্যে মেন্ডিসের চেয়েও ম্যাথিউস এগিয়ে। বাংলাদেশের সঙ্গে ২০১৩ থেকে আগের ৬ টেস্টে সেঞ্চুরির দেখা পাননি। ১০ ইনিংসে দুবার পেসার ও বাকি চার ইনিংসে স্পিনারদের বিপক্ষে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির আক্ষেপ মেটালেন কাল। মেন্ডিস বলেন, ‘আমরা ইনিংসের শুরুতে নিজেদের মধ্যে কথা বলেছিলাম যেন তাড়াহুড়ো না করি। জানি যে এই উইকেটে সন্ত্রস্ত হলেই বিপদ। এই পিচটা দারুণ কিন্তু সময় নিতে হয়। আমাদের বিশ্বাস যদি কোনো ব্যাটার প্রথম ১১ বল ভালো খেলে সে ভালো ইনিংস খেলবে। ম্যাথিউস আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। দাপটের সঙ্গেই খেলেছে আজ। আমি চাই সে ১৫০ বা ২০০ করুক।’