যত দূর যাওয়া সম্ভব চেষ্টা করব

আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন। ছবিটি কান উৎসবেও প্রদর্শিত হবে। এসব নিয়ে নির্মাতার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

পুরস্কার ...

‘আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সম্প্রতি ন্যারেটিভ শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে আমার পরিচালিত শর্টফিল্ম ‘মশারি’। এটি ভালো খবর। ভৌতিক ছবিটি এত দূর পৌঁছেছে, তাতেই আমি অনেক খুশি। তবে এই পুরস্কার আমার একার নয়। এই যাত্রার অংশ হওয়ার জন্য আমার অবিশ্বাস্য দল, আমার পরিবার এবং বাংলাদেশে ও বাইরের শিল্পী-সহকর্মীদের ধন্যবাদ। আমি ফিল্মটি নিয়ে যত দূর যাওয়া সম্ভব, সেই চেষ্টা করব।

অস্কার ...

অস্কার কর্তৃপক্ষ বিশ্বজুড়ে নির্দিষ্ট কিছু চলচ্চিত্র উৎসবের নির্দিষ্ট কিছু পুরস্কার বিজয়ী ছবিকে মনোনয়নের জন্য বেছে নেয়। বিশ্বব্যাপী ৭ হাজার চলচ্চিত্র উৎসবের মধ্যে মাত্র ৬৩টি উৎসবের ‘অস্কার কোয়ালিফাইং’ হিসেবে স্বীকৃতি রয়েছে। সেই উৎসবগুলোর পুরস্কার বিজয়ী সিনেমাগুলো থেকেই অস্কার মনোনয়ন তালিকা তৈরি করা হয়। আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল সেগুলোর মধ্যে একটি। এই উৎসব থেকে যে তিনটি ক্যাটাগরির পুরস্কৃত ছবিগুলো অস্কারে মনোনয়নের সুযোগ মেলে, আমার পুরস্কারটি তার মধ্যে একটি। অস্কার পর্যন্ত পৌঁছতে পারলে আমাদের দেশের সিনেমার নতুন একটি দিগন্ত উন্মোচিত হবে।

কান উৎসবে ...

অস্কারের বিষয়টি তো এখনো নিশ্চিত নয়। তবে ছবিটি এরই মধ্যে কয়েকটি ফেস্টিভ্যালে প্রশংসা কুড়িয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের প্রধান শহর অস্টিনে অনুষ্ঠিত সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবের মাধ্যমে ছবিটির যাত্রা শুরু হয়। এরপর একই শহরের ‘ইন্ডিমিম ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবিটি প্রশংসিত হয়। সর্বশেষ ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভারতীয় চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় ‘মশারি’। এবার বিশ্বের অন্যতম সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। কানের মার্শে দ্যু ফিল্মে সেকশনের ফ্যান্টাস্টিক সেভেন নামের একটি আয়োজনে থাকছে আমার সিনেমাটি। কানে মূলত ড্রামা ধাঁচের ছবিই বেশি গুরুত্ব পায়। কিন্তু ফ্যান্টাস্টিক সেভেন যে আয়োজনটি, সেখানে নানা ঘরানার ছবিকে প্রমোট করা হয়। এটি আমার খুব ভালো লেগেছে। এজন্যই আমার হরর ঘরানার ছবিটি এখানে স্থান পেয়েছে। আগামী ২১ মে ছবিটি প্রদর্শিত হবে। আমাকে আমন্ত্রণ জানানো হলেও অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আমি কানে যেতে পারছি না। তবে অনলাইনে যুক্ত থাকব।

মশারি ...

‘মশারি’র গল্পে দেখা যায়, বিশ্ব নতুন এক ধরনের কীটের প্রাদুর্ভাবে বিপর্যস্ত। নতুন পৃথিবীতে বেঁচে থাকার লড়াই শুরু হয় বাংলাদেশের দুটি বোন অপু আর আয়রার। তারা আতঙ্কে মশারির নিচে দিন রাত পার করতে থাকে। এক রাতে, আয়রা মশারি ঠিক করতে বাইরে বের হয়, অপুকেও উঠতে হয় সে সময়। তখন তারা একসঙ্গে ভূতের মুখোমুখি হয়। এতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল এবং আমার ভাগ্নি অনরা।