চোটের কারণে ঘরের মাটিতে চলমান শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরেও অনিশ্চিত বাংলাদেশি পেসার।
২৭ বছর বয়সী পেসার ভুগছেন কাঁধের চোটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চোট পান তাসকিন। যার ফলে পোর্ট এলিজাবেথ টেস্টে খেলতে পারেননি তিনি।
বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, চোট থেকে সেরে উঠতে তাসকিনকে ৪ থেকে ৬ সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে। যা শুরু হবে ২০ বা ২২ মে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে এবং সমান টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৬ জুন ক্যারিবিয়ান সফরে যাবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট হবে ১৬-২০ জুন, অ্যান্টিগায়। ২৪-২৮ জুন, সেন্ট লুসিয়ায় হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ওয়ানডে সিরিজ হবে ১০, ১৩ ও ১৬ জুলাই, গায়ানায়। তার আগে ২ ও ৩ জুলাই, ডমিনিকায় হবে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি। পরের ম্যাচটি হবে ৭ জুলাই গায়ানায়।