ভেবেচিন্তেই চায়নাম্যান সাকিব

ম্যাচের ১৩৯তম ওভার শুরু। নিজের বোলিং অ্যাকশনে স্বাভাবিকভাবে এসে বল করলেন সাকিব। কিন্তু একি! তার রিস্ট পজিশন লেগ স্পিনারের মতো! বলও হলো লেগ স্পিন। লেগ স্ট্যাম্পের বাইরে গিয়ে পড়ল। পরের তিন বলও একই কা-। বাঁহাতি সাকিব করলেন লেগ স্পিন, মানে চায়নাম্যান। বাঁহাতি রিস্ট স্পিনারদের ওই নামেই ডাকা হয়। তাহলে কি বোলিং অ্যাকশন বদলে ফেললেন সাকিব। নাহ, ওভারের বাকি দুই বল আগের মতো ফিঙ্গার স্পিনেই করেছেন।

দিন শেষে নাঈম হাসানকে এর কারণ জিজ্ঞাসা করা হলো। ৬ উইকেট নেওয়া অফস্পিনার জানান এটা সাকিব ইচ্ছে করেই নাকি করেছেন, ‘সাকিব ভাই ইচ্ছে করেই করেছে অমন। ওভারের আগেই বলছিল একটু ভিন্ন কিছু করবে।’ আসলে ততক্ষণে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও বিশ্ব ফার্নান্ডো উইকেটে জমে গেছেন। নানা কিছু করেও তাদের জুটি ভাঙতে পারছেন না বাংলাদেশ বোলাররা। সাকিব তাই ক্যারিয়ারে প্রথমবার চায়নাম্যান হয়ে গেলেন। এমনকি সাকিবকে এভাবে বল করতে দেখে ম্যাথিউসও অবাক হয়ে যান, ‘হ্যাঁ সাকিবকে এই প্রথম এমন বল করতে দেখলাম। আমি স্ট্রাইকে ছিলাম না। বলটি দেখেই ওর দিকে তাকাই। কিন্তু মজার ব্যাপার হলো সাকিব ওই ডিলেভারিতেও তো সফল ভাবে জায়গায় করতে পেরেছে।’

সাকিব নিজের সফলতার পাশাপাশি দলকেও তো সাফল্য এনে দিতে পারতেন। কিন্তু মুশফিকুর রহিমের জন্য হলেন ব্যর্থ। ভিন্ন কিছু চেষ্টা করে বিশ্ব ফার্নান্ডোর উইকেট পেয়েই যাচ্ছিলেন, কিন্তু তার বলে মিডঅনে ক্যাচটি তালুবন্দি করতে পারেননি মুশফিক।