ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দেওয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করা হয় বলে দেশ রূপান্তরকে জানান সংস্থাটির আইনজীবী মো. খুরশীদ আলম খান। এ মামলায় গত বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ তিন শর্তে ১০ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করে। শর্তগুলো হলো তিনি দেশের বাইরে যেতে পারবেন না, আদালতে পাসপোর্ট জমা দিতে হবে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে।
এর আগে গত ১০ এপ্রিল মানি লন্ডারিং ও অস্ত্র মামলায় জামিন পান সম্রাট। পরে ১১ এপ্রিল মাদক মামলাতেও জামিন পান তিনি।