মূল্যবৃদ্ধিতে বাড়ছে শিশু অপুষ্টির ঝুঁকি : জাতিসংঘ

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ও মহামারীজনিত বিঘেœর কারণে মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসার ব্যয় ১৬ শতাংশ পর্যন্ত বাড়ার পর্যায়ে রয়েছে বলে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে। সংস্থাটি বলছে, যুদ্ধ ও মহামারীর কারণে বিশ্বে খ্যাদ্য সংকট দেখা দিতে শুরু করায় রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত প্রস্তুতকৃত খাবারের দামেরও উল্লম্ফন ঘটেছে। আগামী ছয় মাসের মধ্যে আরও তহবিল জোগানো না গেলে ৬ লাখেরও বেশি শিশু প্রয়োজনীয় চিকিৎসাবঞ্চিত হতে পারে। বাদাম, তেল, চিনি ও যোগ করা পুষ্টি উপাদান দিয়ে তাদের চিকিৎসার জন্য ব্যবহৃত উচ্চ ক্যালরির খাবার প্রস্তুত করা হয়। রয়টার্স বলছে, এই কর্মসূচি অব্যাহত রাখতে আর কী পরিমাণ তহবিল প্রয়োজন ইউনিসেফ তা নির্দিষ্ট করে জানায়নি। তারা শুধু জানিয়েছে, বিশেষ পুষ্টিসমৃদ্ধ এ ধরনের খাবারের একটি কার্টনে ১৫০টি প্যাকেট ধরে, অপুষ্টিতে ভোগা একটি শিশুকে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়।