আন্তর্জাতিক বাজারে পাম ফল ও তেল রপ্তানিতে ইন্দোনেশিয়া সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তার প্রতিবাদে রাজধানী জাকার্তায় বিক্ষোভ করছেন দেশটির প্রান্তিক ও মাঝারি পর্যায়ের কৃষকরা। অবিলম্বে এই সরকারি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। দেশটির প্রান্তিক কৃষকদের অভিযোগ, সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নের পর থেকে তারা ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার প্রান্তিক ও মাঝারি কৃষকদের সংগঠন আপকাসিন্দো জানিয়েছে, রপ্তানিতে নিষেধাজ্ঞার পাশাপাশি দেশজুড়ে পাম তেলের দামও নির্ধারণ করে দিয়েছে সরকার। আর সেই দাম এতটাই নিম্ন যে, দেশের অন্তত ২৫ শতাংশ পাম অয়েল কারখানা তাদের উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হচ্ছে। এই মিল মালিকদের মতে, বাজারে তেলে যে দাম, সেই তুলনায় পাম ফল থেকে তেল উৎপাদনের খরচ বেশি।
দেশটির সরকার অবশ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে তেমন নমনীয় নয়। দেশটির অর্থমন্ত্রী আরিলাঙ্গা হারতার্তো রয়টার্সকে বলেন, সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছিল, এখনো ইন্দোনেশিয়ায় তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে পাম তেল। সরকার অভ্যন্তরীণ বাজারে প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ করেছে ১৪ হাজার রুপিহা (দশমিক ৯৫ ডলার), অথচ এই শুক্রবারেও দেশের বিভিন্ন এলাকায় প্রতি লিটার পাম তেল বিক্রি হয়েছে ১৭ হাজার ৩০০ রুপিহাতে।