প্রজ্ঞা ও আত্মার সংবাদ সম্মেলন

তামাকপণ্যের দাম বাড়ালে মৃত্যু কমবে

সিগারেটসহ তামাকপণ্যে কর আরোপের মাধ্যমে দাম বাড়ানোর দাবি জানিয়েছে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও আত্মা (অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স) নামে দুটি সংগঠন।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে সংগঠন দুটির নেতারা বলেন, ‘কার্যকরভাবে তামাকপণ্যের দাম বাড়ানো গেলে দেশের রাজস্ব বাড়ার পাশাপাশি মৃত্যু কমে আসবে।’

সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘প্রস্তাবটি বাস্তবায়ন করা হলে রাজস্ব আয় বাড়বে। স্বাস্থ্য খাতে খরচ কমবে এবং প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত দেশ অর্জনের পথ সুগম হবে।’

এ সময় ২০২২-২৩ অর্থবছরের বাজেটে নি¤œ স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৫০ টাকা নির্ধারণ করে ৩২.৫০ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ, মধ্যম স্তরে ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৭৫ টাকা নির্ধারণ করে ৪৮.৭৫ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ, উচ্চ স্তরে ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১২০ টাকা নির্ধারণ করে ৭৮.০০ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ ও প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৫০ টাকা নির্ধারণ করে ৯৭.৫০ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক, সিপিডির রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত, সিটিএফকে বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজর মো. মোস্তাফিজুর রহমান, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের প্রমুখ। আত্মার কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাজেট প্রস্তাব তুলে ধরেন প্রজ্ঞার তামাক নিয়ন্ত্রণবিষয়ক প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার।