‘বেবিসিটার’ বিতর্কে ফারুকীর সহজ জবাব

কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ হচ্ছে শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’-এর ট্রেলার। সেই অনুষ্ঠানে যোগ দিতে এখন ফ্রান্সের উপকূলীয় শহরে আছেন নুসরাত ইমরোজ তিশা।  সঙ্গে গেছেন অভিনেত্রীর স্বামী মোস্তফা সরয়ার ফারুকী ও তাদের শিশুকন্যা ইলহাম।

সাধারণত নিজের ছবি নিয়ে দেশ-বিদেশে ঘোরেন ফারুকী। এবার খানিকটা ব্যতিক্রম বলেই জানান সোশ্যাল মিডিয়ায়। আর মজা করে নিজেকে ‘বেবিসিটার’ বলে উল্লেখ করেন নির্মাতা। তাতে অনেক প্রশংসা মিললেও কেউ কেউ ‘বেবিসিটার’ শব্দটির ব্যবহার নেতিবাচকভাবে দেখছেন। 

ফারুকীও বিতর্ক উসকে না দিয়ে বলে ফেললেন, নিজেকে ‘সিরিয়াস’ভাবে বেবিসিটার বলেননি তিনি। মজা করেছেন মাত্র।

ফারুকী লেখেন, “বেবিসিটার হিসাবে কান ভ্রমণ! ‘মুজিব’ ছবির ট্রেলার প্রকাশ করতে যাচ্ছে তিশা। এবং আমি বেবিসিটার! আমার জন্য খুব নতুন ও চমৎকার ভূমিকা! আর এটা ইলহামের প্রথম (বিদেশ) সফর।’

‘ডুব’ নির্মাতার পোস্টটি অনেকেই শেয়ার করেছেন। এর মধ্যেই এসেছে নেতিবাচক।

যেমন; একটি পোস্টে  বলা হচ্ছে, ‘প্রিয় মোস্তফা সরয়ার ফারুকী সংশোধনের জন্য আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী। আমি জানি আপনি একজন বড় বুদ্ধিজীবী, আমার চেয়ে অনেক ভালো জানেন। তবুও মনে করি, এটা বলা উচিত। আপনি আপনার সন্তানের বেবিসিট করতে পারবেন না। আপনার নিজের সন্তানের বেবিসিটিং-এর পরিবর্তে বলুন, ‘আমার সন্তানের দেখাশোনার জন্য আমি আমার স্ত্রীর সাথে আছি’। কারণ পিতা হিসাবে আপনার এটি করা উচিত, এটি আপনারও কর্তব্য।”

‘এটি ২০২২’ করে উল্লেখ করে বলা হয়, এ সময়ে এসে শিশু লালনপালন করা শুধুমাত্র মায়ের কর্তব্য, এ কথা বলা বন্ধ করা উচিত। সন্তানের দেখাশোনা করা বাবা-মা উভয়েরই সমান দায়িত্ব।

এমন মন্তব্য ফারুকীর চোখ এড়ায়নি। পরে মূল লেখার সঙ্গে বাড়তি কয়েকটি লাইন যোগ করেন। বলেন, দেখতে পাচ্ছি কিছু সিরিয়াস লোক বলার চেষ্টা করছে, ‘এর মানে আপনি সাধারণত আপনার বাচ্চার যত্ন নেন না?’ ‘এটি কি আপনার বাচ্চা নয়? তাহলে আপনি কেন বেবিসিটিং বলছেন?’

আরও বলেন, হে বন্ধুরা! আশা করি আপনি নিজের জীবনে কিছু মজা করার অনুমতি দেবেন। খুব সিরিয়াস হবেন না! ধন্যবাদ!

‘মুজিব’ ছবিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে আছেন তিশা। শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমার নাম ভূমিকায় আছেন আরিফিন শুভ। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিশার সঙ্গে পরিচালক-নায়কসহ ছবি সংশ্লিষ্ট আরও কয়েকজন থাকছেন।

এ দিকে মুক্তির অপেক্ষায় আছে ফারুকীর দুই ছবি শনিবার বিকেল ও নো ল্যান্ডস ম্যান।