সাম্প্রতিক সময়ে ১০০০ মাদ্রাসা এবং ১১৬ জন আলেমদের বিরুদ্ধে দুদকে তদন্ত রিপোর্ট জমা দেয়া ‘গণকমিশনের’ কার্যক্রমের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ।
বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হাজ্জাজ প্রশ্ন তোলেন, সংবিধানের কোন অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে কথিত ‘গণকমিশন’ দেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্ত করলো?
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে সবসময় কৌশলে ইসলাম এবং উলামায়ে কেরামকে টার্গেট করা হয়। অস্বীকার করার উপায় নেই, ঐতিহাসিকভাবেই কওমি মাদ্রাসা এবং ওয়াজ মাহফিল এ দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের আবেগ এবং অনুভূতির স্থান। আমরা মনে করি, ওয়াজ মাহফিলে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করা হয় কিনা সেটার তদন্ত করতে হলে শীর্ষ আলেমদের সমন্বয়ে নিরপেক্ষ কমিশন গঠন করা যেতে পারে। কিন্তু কোনপ্রকার এখতিয়ার এবং যোগ্যতা ছাড়া বিতর্কিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি কমিশন ঢালাওভাবে দেশের শীর্ষ আলেমদের অপমান এবং অপদস্থ করতে যে রিপোর্ট দুদকে জমা দিয়েছে সেটা ধর্মীয় উসকানির শামিল।
ববি হাজ্জাজ বলেন, অন্যদিকে এ ধরনের হীন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে টক-শোতে বক্তব্য রাখা একজন আলেমের বিরুদ্ধে মামলা করেছে আরেক বিতর্কিত সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ। আমরা দেখতে চাই, দুদক অর্থপাচারকারী, অবৈধ মজুতকারী, মাদক চোরাকারবারি এবং অবৈধ কালো টাকার মালিকদের তালিকা করে ব্যবস্থা নিচ্ছে যাতে দেশে আর কোন পিকে হালদার বা আব্দুল হাই বাচ্চুদের জন্ম না হয়। আমরা গণধিকৃত ‘গণকমিশনের’ দেশের প্রচলিত আইনে ধর্মীয় উসকানি দেবার অপরাধে বিচার চাই।